দুর্গাপুজোর আনন্দমুখর উৎসবের সমাপ্তি ঘটল দশমীর সঙ্গে। এ বছর ২ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হল বিজয়া দশমী। এর পরই বাঙালি হিন্দু সমাজের আরেক বড় উৎসব— কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagori Laxmi Puja 2025)। দুর্গাপুজোর পরে পূর্ণিমা তিথিতে এই পুজোর আয়োজন করা হয়।
কেন কোজাগরী লক্ষ্মীপুজো?
পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের পূর্ণিমা তিথি পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। এদিনকে শারদপূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমাও বলা হয়। বিশ্বাস করা হয়, এ রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন এবং খোঁজ করেন— “কে জেগে আছো?” এজন্যই দেবীকে এদিন ‘কোজাগরী লক্ষ্মী’ নামে অভিহিত করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যাঁরা এ রাতে জেগে দেবীর আরাধনা করেন, মা তাঁদের আশীর্বাদে ভরিয়ে দেন ধন-সম্পদ ও সমৃদ্ধিতে।
কবে লক্ষ্মীপুজো?
পঞ্জিকা অনুযায়ী, ৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি, যা চলবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিট পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুজো।
পুজোর শুভক্ষণ
কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হয় পূর্ণিমার রাতে। এ বছর ৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত সন্ধ্যাতিথি বলেই ধরা হচ্ছে। এই সময় দেবী লক্ষ্মীর আরাধনা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়।
সকালবেলাতেও পুজো সম্ভব
তিথি ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিট পর্যন্ত চলবে বলে, অনেক পরিবার পরদিন সকালেও পুজো সম্পন্ন করবেন। তবে ঐতিহ্যগতভাবে পূর্ণিমার রাতকেই ‘কোজাগরী রাত’ ধরা হয়, আর এই রাতেই লক্ষ্মীপুজোর প্রধান মাহাত্ম্য।
দুর্গাপুজোর বিদায়ের আবেগের মধ্যেই এখন বাঙালির নতুন প্রত্যাশা— কোজাগরীর পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর আগমন।







