দশেরা মানেই শুভ শক্তির জয়, অশুভ শক্তির বিনাশ। কিন্তু সেই আবহেই বৃহস্পতিবার (দশেরা) সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ঘিরে প্রবল বিতর্কের মুখে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। রাবণের চরিত্রকে কেন্দ্র করে তাঁর মন্তব্য ঘিরে উত্তাল নেটিজেন মহল। সমালোচনার চাপে শেষ পর্যন্ত পোস্টটি মুছতে বাধ্য হন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবনা জানাতে গিয়ে সিমি লেখেন,
“রাবণ, প্রতি বছর এই দিনে আমরা ন্যায়ের জয় উদযাপন করি। কিন্তু তোমার আচরণ পুনর্বিবেচনা করা উচিত। তোমাকে অশুভ শক্তি নয়, বরং ‘একটু দুষ্টু’ বলা যায়।”
এরপর রাবণকে উদ্দেশ করে তিনি লেখেন,
“হ্যাঁ, তুমি এক মহিলাকে অপহরণ করেছিলে। কিন্তু তাকে সম্মান দিয়েছো, আশ্রয় দিয়েছো, সুরক্ষার জন্য মহিলা প্রহরী রেখেছিলে। বিনম্রভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, প্রত্যাখ্যাত হলেও হিংসা করোনি। ভগবান রামের হাতে নিহত হওয়ার আগে ক্ষমা চাইবার মতো সাহসও দেখিয়েছিলে। আমার মতে, আমাদের সংসদের তুলনায় তুমি অনেক বেশি শিক্ষিত ছিলে। তোমাকে পোড়ানোর মতো গুরুতর কারণ নেই, শুধু বাজারি প্রথা বলেই এই রীতি চলছে।”
সিমির এই বক্তব্য ঘিরে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়। কেউ তাঁকে ‘বিকৃতমনস্ক’ বলে কটাক্ষ করেন, কেউ লেখেন, “আপনাকেও যদি সীতার মতো অপহরণ করা হয়, তখন বুঝবেন।” আবার কেউ মনে করিয়ে দেন, “রাবণকে কোনও সংস্করণেই নির্দোষ বলা হয়নি, তিনি হিংসার আশ্রয় নিয়েছিলেন।”
তবে সমালোচনার ঝড়ের মধ্যেও অনেকে মনে করিয়ে দেন, ‘রামায়ণ’-এর বিভিন্ন সংস্করণে রাবণের চরিত্র ভিন্নভাবে বর্ণিত। যদিও অধিকাংশই সিমির ব্যাখ্যা সমর্থন করেননি।
এর আগে-ও নিজের মতামত ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন সিমি গরেওয়াল। বিশেষত সালমন খানকে সমর্থন করায় তাঁকে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এবার রাবণকে ঘিরে তাঁর মন্তব্য ফের নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এল তাঁকে।






