দ্বিতীয় দফার বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) আগের রাতে উত্তপ্ত হয়ে উঠল হুগলির সিঙ্গুর। মঙ্গলবার গভীর রাতে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী Becharam Manna। অভিযোগ, দলীয় অঞ্চল সভাপতি সহ একাধিক কর্মীকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখা হয়েছে।
থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। গেটের সামনে বসে চলে স্লোগান-প্রতিবাদ। বিক্ষোভকারীদের দাবি, অঞ্চল সভাপতি শ্যামাপদ মণ্ডলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, সোমবার রাত থেকেই বেছে বেছে তৃণমূল কর্মী-নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হুমকি দিচ্ছে এবং বিনা অভিযোগে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
Becharam Manna অভিযোগ করেন, “যাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাঁদেরও থানায় তুলে এনে হয়রানি করা হচ্ছে। বিজেপিকে সুবিধা করে দিতেই এই পদক্ষেপ।” পরে দীর্ঘ আলোচনার পর আটক থাকা অঞ্চল সভাপতি শ্যামাপদ মণ্ডলকে মুক্তি দেওয়া হয় এবং বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
অন্যদিকে, সিঙ্গুরের বুড়িগ্রাম এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগও উঠেছে। আক্রান্ত কর্মী সনৎ কুমার ধারা জানান, তাঁকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পক্ষ থেকে মারধর করা হয়েছে। তাঁকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর হাতে তিনটি সেলাই পড়েছে।
ঘটনা ঘিরে এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের তরফে যদিও এখনও পর্যন্ত এই অভিযোগগুলির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।







