ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মাছ ভাত প্রসঙ্গ ইতিমধ্যেই বহু বিতর্ক তৈরি হয়েছে । যেখানে তৃণমূল দাবী করছে , বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেবে না , সেখানে বিজেপি প্রার্থীদের আবার দেখা গিয়েছে , মাছ হাতে নিয়ে প্রচারে বেরোতে। আর এবার ফলাফল ঘোষণার ঠিক আগেই , মাছ নিয়ে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে একটি গান । ‘মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর’ গানটি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে । দলমত নির্বিশেষে সকলের মুখেই এই গান শোনা যাচ্ছে । এবার এই গান নিয়ে মুখ খুললেন, খোদ শওকত মোল্লা।
ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত এই গান নিয়ে বলেন , “নোংরামোর একটা সীমা থাকা উচিত। যারা এসব করেছে, সেটা তাদের নিচু মানসিকতার পরিচয়।” কারা এই গান তৈরি করেছে , সেবিষয়ে এখনও ধোঁয়াশা থাকলেও , বিভিন্ন মহলে জল্পনা , এই গান তৈরির পিছনে আইএসএফ এর হাত থাকার সম্ভাবনা রয়েছে ।
শওকত এদিন নাম না করে , নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও কটাক্ষ ছুঁড়ে দেন । শওকত , ‘ধর্ষণকারী, খুনি, সমাজবিরোধী এবং জঙ্গি’ ইত্যাদি একাধিক কটাক্ষ ছুঁড়ে দেন । তৃণমূল প্রার্থী বলেন , “হতাশা থেকে আইএসএফ এমন বিশ্রী গান বেঁধেছে। এই গানের যোগ্য জবাব দেওয়া হবে আগামী ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর।”
উল্লেখ্য , এই গানটি ভাইরাল হয় , একদম ভোট প্রচারের শেষ লগ্নের দিকে । তখন নওশাদ সিদ্দিকীকে দেখা গিয়েছিল এই গান না বাজানোর জন্য অনুরোধ করতে , তবে গানটি এতটি পরিমাণেই ভাইরাল হয়েছে যে প্রায় একজন সবার মুখেই এই গান শোনা যাচ্ছে।







