কয়েকদিনের টানা বর্ষণে মেদিনীপুর শহরের খাপ্রেলবাজার এলাকায় ভেঙে পড়ল একটি পুরানো দিনের পাকা বাড়ি। তবে, বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকতেন না বলে হতাহতের খবর নেই। যদিও, রাস্তার উপর বাড়ির একাংশ ভেঙে পড়ায় বিপদ হতে পারত বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে পৌঁছেছেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রাচীন এই বাড়িটি ভেঙে পড়েছে বলে বুধবার সকালে স্থানীয়রা দাবি করেছেন।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সীমা ভকত বলেন, “বারবার বলা সত্ত্বেও, বাড়িটি সংস্কার করেননি ওনারা। এমনকি ডেঙ্গুর সময়ে ঝোপজঙ্গল পরিষ্কার করতে বললেও করেননি। আর সেজন্যই আজ বাড়িটি ভেঙ্গে পড়ল।” ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ আধিকারিকরা। উদ্ধারকাজ শুরু করা হয়েছে।






