সংসদে একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর কৌশল সাজাচ্ছে কেন্দ্রীয় সরকার। বিরোধী শিবিরে টানাপোড়েন এবং সংখ্যার সমীকরণকে সামনে রেখে আপাতত ‘মেপে পা’ ফেলছে সরকার। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা—ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিষয়ে সমর্থন আদায় করার পরই কি এবার ঝুলি থেকে বের করা হবে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা FCRA সংশোধনী বিল?
সূত্রের খবর, চলতি বাদল অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে এগোতে চাইছে কেন্দ্র। এর মধ্যে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ করানোর উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় সমর্থন না মেলায় তা সফল হয়নি। এবার নতুন করে সেই উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
FCRA বিল নিয়ে বাড়ছে জল্পনা
FCRA আইনে সংশোধনী আনা হবে কি না, তা নিয়েই এখন সবচেয়ে বেশি রাজনৈতিক আলোচনা। লোকসভার বিজনেস তালিকায় এই মুহূর্তে চারটি বিল আলোচনার জন্য থাকলেও সেখানে FCRA সংশোধনী বিলের নাম নেই। তবে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর।
ডিলিমিটেশন নিয়ে সমর্থন, FCRA-তে আপত্তি
রাজনৈতিক সমীকরণ এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব রাজ্যে আসন বৃদ্ধির ক্ষেত্রে ৫০ শতাংশের মতো নিশ্চয়তা মিললে ডিলিমিটেশন বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে ডিএমকে এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। কিন্তু FCRA সংশোধনী নিয়ে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
চার্চ ও বিভিন্ন খ্রিস্টান সংগঠনের আপত্তিকে সামনে রেখে FCRA বিল প্রত্যাহার অথবা সেটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি উঠেছে। ফলে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাশ করানো হলে শরিক বা সম্ভাব্য সমর্থকদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হতে পারে—এই আশঙ্কাও রয়েছে কেন্দ্রের অন্দরে।
অমিত শাহের সঙ্গে বৈঠকে খ্রিস্টান প্রতিনিধিরা
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে কোনও সংগঠনের FCRA লাইসেন্স বাতিল বা নবীকরণ না হলে সেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কার্যত সরকারের হাতে চলে যেতে পারে। এতে বহু সমাজসেবামূলক প্রতিষ্ঠান অর্থের অভাবে সমস্যায় পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
অন্যদিকে, আজ সকালেই বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা। সেখানে FCRA বিলকে কেন্দ্র করে বিরোধীদের পরবর্তী কৌশল নির্ধারণ হতে পারে।
সব মিলিয়ে, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণে সমর্থনের বিনিময়ে কেন্দ্র FCRA বিল নিয়ে কতটা এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







