দেশ

জলকামানেও থামল না ‘জেন জি’-র প্রতিবাদ, স্বচ্ছ নিয়োগের দাবিতে রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা অভিযান

দিল্লি, কলকাতার পর এবার ‘জেন জি’-র প্রতিবাদের আঁচ ঝাড়খণ্ডেও। সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি ঠেকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। কিন্তু নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে পথে নামা তরুণদের আন্দোলন কোনও বাধাই দমিয়ে রাখতে পারেনি। বিধানসভার দিকে এগিয়ে যেতেই আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান চালায় পুলিশ। তবে সেই জলধারাই যেন বিক্ষোভকারীদের আরও উজ্জীবিত করে তোলে। জলকামানের সামনে দাঁড়িয়েই প্রতিবাদী ছাত্রদের নাচতে দেখা যায়।

একটাই দাবি তাঁদের—সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা যাবে না। পরীক্ষার গোটা ব্যবস্থাতেই আমূল পরিবর্তন এনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

ঝাড়খণ্ডে সরকারি চাকরির জন্য JPSC এবং JSSC পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুই নিয়োগ পরীক্ষা ঘিরেই দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তার প্রতিবাদেই এতদিন অনশন চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়ে অনশনে যোগ দেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো। তাঁর আন্দোলনকে অনেকেই সোনম ওয়াংচুকের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন।

পরিস্থিতির চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনায় ডাকেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু সেই বৈঠক থেকে কোনও ইতিবাচক সমাধান মেলেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এরপরই সোমবার বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি নেন তাঁরা। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন দেবেন্দ্রনাথ মাহাতো।

পুলিশি বাধা এবং জলকামানের মধ্যেও নিজের অবস্থানে অনড় দেবেন্দ্রনাথ। তাঁর কথায়, ‘‘এটা কারও ব্যক্তিগত দাবি নয়। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চায় লাখো মানুষ। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.