ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা থেকে কলকাতাগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সড়কপথের যানজট কমানো এবং দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে শীঘ্রই ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। পাশাপাশি এই রুটে মেটিয়াবুরুজ পর্যন্তও জলপথে যোগাযোগের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শনিবার ভাটপাড়ার গোলঘর পার্কে একটি খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিবহণ মন্ত্রী জানান, শুধুমাত্র ওয়াটার ট্যাক্সিই নয়, ভবিষ্যতে এই রুটে দূরপাল্লার ভেসেল চালুরও পরিকল্পনা রয়েছে। এর ফলে নদীপথে যাতায়াত আরও বিস্তৃত হবে এবং কলকাতা ও উত্তর ২৪ পরগনার মধ্যে বিকল্প পরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে।
মন্ত্রী বলেন, প্রতিদিন সড়কপথে ক্রমবর্ধমান যানজটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তির শিকার হতে হয়। সেই চাপ কমাতেই জলপথকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীরা দ্রুত, নিরাপদ এবং তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
রাজ্য সরকারের এই উদ্যোগকে পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা এবং পরিষেবা চালুর নির্দিষ্ট সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।







