রাজ্য

রাত পোহালেই গণনা, স্ট্রংরুম ঘিরে কড়া নিরাপত্তা; আজ ট্রায়াল কাউন্টিংয়ে চূড়ান্ত প্রস্তুতি

রাজ্যে ভোটের ফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই রাজ্যের প্রায় সমস্ত স্ট্রংরুম ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। অতীতের একাধিক বিতর্কের জেরে এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় স্ট্রংরুমকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। কোথাও তৃণমূলের তরফে অভিযোগ উঠেছে, ক্যামেরা বন্ধ করে স্ট্রংরুমে ইভিএম ঢোকানো হয়েছে। কোথাও আবার দাবি করা হয়েছে, অনুমতি ছাড়াই বহিরাগতরা স্ট্রংরুমের ভিতরে প্রবেশ করেছে। অন্যদিকে বিজেপিও একাধিক জায়গায় স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই অভিযোগ ঘিরে বিক্ষোভ, ধর্না ও উত্তেজনার ঘটনাও সামনে এসেছে।
রবিবার সকালে সামনে আসা ছবিতে দেখা গিয়েছে, একাধিক গণনাকেন্দ্রের বাইরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বালিগঞ্জের স্ট্রংরুম সংলগ্ন রাস্তাগুলিতে ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। একই ছবি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও। এর আগে এই কেন্দ্রের স্ট্রংরুম নিয়ে তৃণমূলের অভিযোগকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। কুণাল ঘোষ, শশী পাঁজার মতো নেতারা সেখানে ধর্ণায় বসেছিলেন। পরে বিজেপি প্রার্থীরা পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, সোমবারের গণনার আগে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে হতে পারে ট্রায়াল কাউন্টিং। উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা সেখানেই হবে। সূত্রের খবর, গণনার দিন যাতে কোনও প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই মহড়া। কোন টেবিলে কে বসবেন, কোথায় থাকবে ইভিএম, নিরাপত্তা ব্যবস্থার ধরন—সব কিছু খতিয়ে দেখে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলছে নির্বাচন কমিশন। সোমবার সকাল থেকেই শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল গণনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.