পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফল প্রকাশ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ঠিক এই টানটান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করে নতুন জল্পনার জন্ম দিলেন পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ (Ratna Debnath)। তিনি আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা হিসেবেও পরিচিত।
রবিবার গভীর রাতে করা ওই পোস্টে রত্না লেখেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব, এই লড়াই চলছেই, চলবে। শুধু তোমরা আমাকে ভুল বোঝো না। প্রথম দিন থেকে যে ভাবে পাশে ছিলে, শেষ পর্যন্ত থেকো।”
পোস্টের শেষের লাইন— ‘আমাকে ভুল বোঝো না’— নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, ভোটের আগে তাঁর সাম্প্রতিক কিছু বিতর্ক কি ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে? সেই কারণেই কি এই বার্তা?
রত্না দেবনাথের রাজনীতিতে যোগদান শুরু থেকেই বিতর্কের কেন্দ্র ছিল। আরজি কর ঘটনার পর বারবার তিনি এবং তাঁর পরিবার জানিয়েছিলেন, সক্রিয় রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই। কিন্তু ভোট ঘোষণার পর বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। পানিহাটি আসনে তাঁকে প্রার্থী করে বিজেপি।
প্রচারের সময় তিনি বারবার দাবি করেন, মেয়ের বিচার আদায়ের লড়াইকেই রাজনৈতিক মঞ্চে নিয়ে যেতে চান। প্রথমদিকে সহানুভূতির হাওয়া থাকলেও ভোটের মুখে তা কিছুটা বদলাতে শুরু করে। সিপিএমকে নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, সেই মন্তব্যের পর সিপিএমের এক মহিলা কর্মী ও তাঁর বাবার উপর হামলার ঘটনা ঘটে।
এরপর ২৯ এপ্রিল ভোটের দিন নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়েন রত্না। স্থানীয়দের একাংশ তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় বলে অভিযোগ। আর ঠিক তার পরেই ফল ঘোষণার আগে এই আবেগঘন পোস্ট রাজনৈতিক মহলে নতুন করে তাৎপর্য তৈরি করেছে।







