রাজনীতি

“স্বাস্থ্য দফতরের দুর্নীতির শিকড় টেনে আনব”, জয়ের পর হুঁশিয়ারি ‘ডক্টর দেবনাথের মা’ রত্নার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ ঐতিহাসিক পালাবদলের মাঝে অন্যতম আলোচিত জয় এসেছে পানিহাটি কেন্দ্র থেকে। বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, যিনি আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা হিসেবে রাজ্যজুড়ে পরিচিত, জয়ী হওয়ার পর স্পষ্ট জানিয়ে দিলেন— তাঁর রাজনীতিতে আসার একমাত্র লক্ষ্য মেয়ের বিচার এবং স্বাস্থ্য দফতরের দুর্নীতির শিকড় খুঁজে বের করা।
সোমবার ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, “এই জয় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসর্গ করছি। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন। চাকরি নেই, স্কুলে তালা পড়ছে, সর্বত্র দুর্নীতির অভিযোগ ছিল। আমি বলেছিলাম তৃণমূলের মূল উপড়ে ফেলব, মানুষ আমাকে সেই দায়িত্ব দিয়েছেন।”
পানিহাটিতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, “ঘোষ পরিবারের থ্রেট কালচার থেকে পানিহাটিকে মুক্ত করব। ভয় এবং দুর্নীতির রাজনীতি শেষ করতে চাই।”
বিধানসভায় গিয়ে প্রথম কাজ কী হবে? উত্তরে রত্না স্পষ্ট বলেন, “আমার মেয়ে যে দুর্নীতির কারণে প্রাণ হারিয়েছে, সেই স্বাস্থ্য দফতরের দুর্নীতি কতটা গভীরে রয়েছে, তা খুঁজে বের করব।” উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের দায়িত্ব দীর্ঘদিন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র হাতেই ছিল।
ভবানীপুরে Mamata Banerjee-র পরাজয় নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন রত্না। তিনি বলেন, “ওঁর জেলযাত্রা ও ফাঁসি চাই।”
রাজনীতিতে আসা নিয়ে বিতর্ক থাকলেও রত্না দেবনাথ বলেন, তিনি কোনও রাজনৈতিক পরিচয়ে নয়, মানুষের কাছে “ডক্টর দেবনাথের মা” হিসেবেই থাকতে চান। পানিহাটিতে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ ও বাম প্রার্থী কলতান দাশগুপ্তকে হারিয়ে তাঁর এই জয় এখন রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.