জেলারাজনীতি

আসানসোল শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত, তৃণমূলের একাধিক কার্যালয়ে

আগুন-ভাঙচুরের অভিযোগ
আসানসোল: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার গভীর রাতে আসানসোল কোর্ট মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনের জেরে পাশের একটি কেকের দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
শুধু কোর্ট মোড় নয়, শিল্পাঞ্চলের একাধিক এলাকায় একই ধরনের ঘটনার অভিযোগ সামনে এসেছে। রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি এবং বার্ণপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। কোথাও দলীয় পতাকা খুলে ফেলা হয়েছে, কোথাও আবার কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।
স্থানীয় সূত্রের দাবি, এই ঘটনাগুলিকে কেন্দ্র করে কয়েকজনকে আটক করা হলেও পরে অনেকেই ছাড়া পেয়ে যাচ্ছেন। ফলে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের অভিযোগ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।
অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের দাবি, বিজেপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।
সব মিলিয়ে ভোট-পরবর্তী হিংসা ঘিরে ফের প্রশ্নের মুখে প্রশাসন। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.