ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। এবার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামে কান্দি ব্লক যুব তৃণমূল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কান্দি ব্লক যুব তৃণমূল সভাপতি উসমান গনির বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির ছাদ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে এবং এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং আশেপাশের বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে আসেন।
ঘটনার সময় উসমান গনি এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভিতরেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। বোমার আঘাতে বাড়ির ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পরই কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করে। বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। কারা এই হামলার পিছনে রয়েছে এবং এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উসমান গনি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও হামলার ঘটনা সামনে আসছে। কান্দির এই বোমাবাজির ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল।







