ক্রাইমজেলা

পানিহাটিতে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত কাণ্ড, প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ব্যস্ত প্রধান সড়ক। চারদিকে যানবাহনের অবিরাম চলাচল। সেই ভিড়ের মাঝেই ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা। প্রত্যক্ষদর্শীদের সামনে এক মহিলা উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দিনের আলোয় প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এরপর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে পানিহাটির রথীন্দ্র সিনেমা হলের সামনে, স্কুল রোড এলাকায়। অভিযোগ, সেখানেই প্রেমিকা গীতা দাসকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপায় সুভাষ দাস। হামলার পর নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রের দাবি, গীতা দাস ও সুভাষ দাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দু’জনেরই বাড়ি হাড়োয়ায় হলেও গীতা পানিহাটির মহেন্দ্রনগরে থাকতেন। বুধবার সকালে আচমকাই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে গীতার উপর এলোপাথাড়ি হামলা চালায় সুভাষ বলে অভিযোগ।

জানা গিয়েছে, গীতার আগে বিয়ে হলেও পরে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই সুভাষের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে গত কয়েক মাস ধরে তাঁদের মধ্যে নানা কারণে অশান্তি ও মতবিরোধ চলছিল বলেই স্থানীয় সূত্রে জানা গেছে।

এক স্থানীয় বাসিন্দার কথায়, “এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। এলাকায় অনেক বাইরের ছেলে-মেয়ে আসে। কেউ প্রেম করে, কেউ আবার নেশাও করে। এই কারণে স্থানীয় মানুষজনও অনেক সময় ওই পুকুরপাড়ে যেতে চান না। কয়েকদিন আগেও এক যুবককে এক তরুণীকে মারধর করতে দেখেছিলাম। তখন প্রতিবাদ করায় তারা সেখান থেকে চলে যায়। আজ এমন মর্মান্তিক ঘটনা ঘটল। পুলিশকে অনুরোধ করেছি যাতে এলাকায় আরও কড়া নজরদারি করা হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.