রবিবার রাতের নিরবতা ভেঙে বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শীলপুকুর এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হল মাসুম শেখ নামে এক কুখ্যাত অস্ত্র কারবারিকে।
ধৃত মাসুম শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭.৬৫ ক্যালিবারের তিনটি পিস্তল, ছ’টি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা থেকে এই বিপজ্জনক অস্ত্রভাণ্ডার সংগ্রহ করেছিল মাসুম। উদ্দেশ্য ছিল রানিনগর থানা এলাকায় এক ব্যক্তির হাতে তা পৌঁছে দেওয়া। অটো ভাড়া করে অস্ত্র পাচারের সময়েই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (ডি অ্যান্ড টি) জানিয়েছেন, “গোপন খবরের ভিত্তিতে বহরমপুর থানার শীলপুকুর এলাকায় অভিযান চালিয়ে ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অস্ত্র পাচারের পর্দা ফাঁস হয়েছে। এর সঙ্গে আরও বড় চক্র জড়িত থাকতে পারে।”
উল্লেখযোগ্যভাবে, এর আগেও মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার অভিযানে বিহারের মুঙ্গেরের যোগসূত্র পাওয়া গিয়েছিল। এবারও সেই একই পথে অস্ত্র আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃত মাসুম সাগরপাড়া থানার পূর্ব কাজিপাড়ার বাসিন্দা। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার তাকে আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় ফের একবার স্পষ্ট, জেলায় সক্রিয় রয়েছে অস্ত্র পাচারচক্র। তবে পুলিশের সক্রিয়তা অনেক বড় বিপদ এড়াতে পারল বলেই মনে করছেন গোয়েন্দারা।







