আবহাওয়া

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ইঙ্গিত, কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় জারি সতর্কতা?

সকাল থেকেই আকাশে ঘন মেঘের আনাগোনা। তার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার, ১১ মে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। শুধু এই চার জেলা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি সক্রিয় রয়েছে উচ্চস্তরের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব। এই দুইয়ের জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন।

আবহবিদদের আশঙ্কা, ঝোড়ো হাওয়ার কারণে গাছের ডাল ভেঙে পড়া, বিদ্যুৎ বিভ্রাট এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। ক্ষতি হতে পারে ফসল ও কাঁচা বাড়িরও। তাই বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা মাঠে না থাকা, গাছের নীচে আশ্রয় না নেওয়া এবং বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একই চিত্র বজায় থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার, ১২ মে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

১৩ এবং ১৪ মে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর ১৫ ও ১৬ মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আজকের বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কিছুটা কম থাকবে বলেই মনে করছেন আবহবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.