মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ মুখ্যসচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। স্বরাষ্ট্র দফতরের সচিব হিসেবেও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনের আবহে তাঁকে অন্য দফতরে সরিয়ে দেওয়া হলেও, নতুন সরকার গঠনের পর ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হল এই প্রবীণ আমলাকে।
বুধবার নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক একাধিক বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি, যেসব দফতরে এখনও মন্ত্রীর নাম ঘোষণা হয়নি, সেগুলির দায়িত্ব অস্থায়ীভাবে বিধায়কদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেই বৈঠকেই নন্দিনী চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ দায়িত্ব— বিএসএফের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া তদারকির কাজ।
রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় এখনও কাঁটাতার নির্মাণ সম্পূর্ণ হয়নি। তৃণমূল জমানায় কেন্দ্রের তরফে বারবার অভিযোগ উঠেছিল, জমি সংক্রান্ত জটিলতার কারণেই বহু জায়গায় সীমান্তে কাঁটাতার বসানো সম্ভব হচ্ছে না। এমনকী, ক্ষতিপূরণের অর্থ মিটিয়ে দেওয়ার পরও বিএসএফের হাতে জমি তুলে দেওয়া হয়নি বলেও কেন্দ্রের অভিযোগ ছিল।
নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী ৪৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।







