ফের পাকিস্তানে বিদ্রোহ ও বিক্ষোভের আশঙ্কা ! পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন পুলিশ কর্মী। জানা গিয়েছে , ওই এলাকার সিকিউরিটি শিবির ও পুলিশের পোস্ট লক্ষ্য করে এই হামলা পরিকল্পিতভাবে চালানো হয় ।
সূত্রের খবর, পাকিস্তানের বাজৌর জেলার তিন আলাদা জায়গায় জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP গ্রুপের তরফে এই হামলা চালানো হয়। উল্লেখ্য , যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে লৈ মামুদ এলাকার একটি সেনা শিবিরে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণের পর ২০ জনের বেশি সশস্ত্র জঙ্গি সেনা শিবিরে অনুপ্রবেশ করে। তারপরই শুরু হয় তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোররাত পর্যন্ত চলা এই লড়াইয়ে মোট ১৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ৯ জন জঙ্গিও নিহত হয়েছে বলে খবর।
শুধু পুলিশের শিবির নয়, জঙ্গিদের তরফে হামলা চালানো হয় সাধারণ বাজারেও। গত মঙ্গলবার নওরাং বাজারের একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। এর আগেও, গত সপ্তাহে বান্নু জেলায় একটি গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান ১৫ জন পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত সমস্ত এলাকায় ইতিমধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে গত কয়েকদিন ধরে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের দাবি, প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকেই জঙ্গিরা হামলা চালাচ্ছে। এই ঘটনার পর কাবুলের তালিবান প্রশাসনের কাছে ইতিমধ্যেই কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকার। সর্বশেষ খবর অনুযায়ী, গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনী। তবে ধারাবাহিক জঙ্গি হামলার জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







