বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) উত্তপ্ত প্রচারপর্বে বিজেপিকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ফের চর্চার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তাঁর বিরুদ্ধে এবার Baguiati Police Station-এ দায়ের হল এফআইআর।
পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধ-সহ মোট পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে দু’টি ধারা জামিন অযোগ্য বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই মামলার নথি খতিয়ে দেখা শুরু করেছে Bidhannagar Police Commissionerate।
ঘটনার সূত্রপাত ২৭ এপ্রিলের একটি নির্বাচনী জনসভা থেকে। সেই সভা থেকে বিজেপিকে নিশানা করে Abhishek Banerjee বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে অভিযোগ করেন এক ব্যক্তি।
সূত্রের দাবি, অভিযোগকারী বিভিন্ন নির্বাচনী সভায় অভিষেকের দেওয়া একাধিক বক্তব্যের ভিডিও ক্লিপ সংগ্রহ করে পুলিশের কাছে জমা দেন। সেই ভিডিও এবং লিখিত অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়।
নির্বাচনী প্রচারের সময় থেকেই Bharatiya Janata Party-র বিরুদ্ধে ধারাবাহিকভাবে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছিলেন Abhishek Banerjee। বিরোধীদের অভিযোগ, তাঁর একাধিক মন্তব্য রাজনৈতিক হিংসায় প্ররোচনা দিতে পারে এবং গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে।
যদিও তৃণমূলের একাংশ এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে। তাদের বক্তব্য, নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতেই পরিকল্পিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে বিরোধীদের দাবি, জনসমক্ষে এই ধরনের ভাষা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইন অনুযায়ী তদন্ত হওয়া উচিত।
এখন নজর তদন্তের গতিপ্রকৃতির দিকে। এই মামলায় নতুন কোনও আইনি পদক্ষেপ হয় কি না এবং তার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, সেটাই দেখার।







