ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলায় লাগাতার প্রচার করতে গিয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। আর তাই জয়ের পর এবার নেপথ্য কারিগর মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শনিবার সকালেই শুভেন্দু অধিকারী অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাড়িতে যান। পাল্টা শুভেন্দুকে ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলেও সার্টিফিকেট দেন মিঠুন চক্রবর্তী।
মিঠুন চক্রবর্তী সম্পর্কে , শুভেন্দু অধিকারী বলেন , “অত্যন্ত নিঃস্বার্থভাবে বাংলাকে বাঁচানোর জন্য, হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য, মা-বোন, দিদি কন্যাকে সুরক্ষিত করার জন্য নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনও সীমা নেই তাঁর। গত ৮-১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। গত ৩-৪ মাস ধরে কাজ করে গিয়েছেন তিনি। একের পর এক ব়্যালি, সভা করেছেন। এক বছর ধরে মাইক্রো লেভেলেও কাজ করেছেন। নিশ্চিতভাবে আমি মুখ্যমন্ত্রী হয়েছি জনগণের আশীর্বাদে, বিজেপি মনোনীত করেছে। নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যাঁর নাম আসে তিনি নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তী।”
তবে কেনো আচমকা , শুভেন্দু অধিকারী দেখা করলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে , এই নিয়ে শুভেন্দু জানান, “জয়ের পর মিঠুনদা আমার সঙ্গে দেখা করতে চান। আমি বলেছি আপনার জেতানো মুখ্যমন্ত্রী বাড়িতে এসে দেখা করে যাবে। তাই আজ মিঠুনদার সঙ্গে দেখা করতে আসি।” দুজনের মধ্যে প্রায় ২ ঘন্টা মতো কথা হয় বলে খবর ।
উল্লেখ্য , শুভেন্দু অধিকারীকে নিয়েও প্রশংসার বন্যা বইয়ে দেন মিঠুন চক্রবর্তী । মিঠুন চক্রবর্তী বলেন , “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্ত থেকে শপথ নিয়েছেন তারপর থেকেই কাজ করছেন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না। আমরা আশীর্বাদধন্য যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। আগামি দিনেও দেখুন কী হয়। ইনি যোদ্ধা। আর আমি তো আছিই পাশে লড়ার জন্য।”







