রাজ্য

দিঘা হোক বা দার্জিলিং বিনামূল্যেই যেতে পারবেন মহিলারা ! বড় ঘোষণা রাজ্য সরকারের

মহিলাদের জন্য বড় ঘোষণা করল নতুন সরকার। আগামী ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছিল, দূরপাল্লার সরকারি বাসেও কি এই সুবিধা মিলবে? বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সব ধরনের দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।

বিধানসভা ভোটের প্রচারের সময় বিজেপি ঘোষণা করেছিল, রাজ্যে সরকার গঠন করতে পারলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা হবে। দলের সংকল্পপত্রেও এই প্রতিশ্রুতির উল্লেখ ছিল। পাশাপাশি মহিলাদের স্বার্থে আরও নানা উদ্যোগের কথাও জানানো হয়েছিল। বিপুল আসন জিতে ক্ষমতায় আসার পর গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী বলেন, সংকল্পপত্রে দেওয়া প্রতিটি অঙ্গীকারই পূরণ করবে বিজেপি সরকার।

সরকার গঠনের পর সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলারা রাজ্যের সব সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। কলকাতা থেকে দিঘা বা শিলিগুড়ির মতো দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, দূরপাল্লার সমস্ত সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে সফর করতে পারবেন।

উল্লেখ্য, কলকাতা থেকে দিঘা যাওয়ার সরকারি নন-এসি বাসের ভাড়া প্রায় দেড়শো টাকার মধ্যে। অন্যদিকে এসি বাসে যাতায়াত করতে খরচ হয় প্রায় ৩০০ টাকা। কলকাতা থেকে সরাসরি দার্জিলিং যাওয়ার কোনও সরকারি বাস পরিষেবা নেই। যাত্রীদের আগে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে হয়, তারপর সেখান থেকে দার্জিলিং যেতে হয়। সব মিলিয়ে নন-এসি বাসে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছতে খরচ হয় আনুমানিক সাড়ে পাঁচশো টাকা। আর এসি বাসে সেই খরচ প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.