বিশ্বজুড়ে পরিবার পরিকল্পনা ও নিরাপদ যৌনমিলনের অন্যতম প্রধান মাধ্যম কনডম। কিন্তু এবার সেই কনডমেরই তীব্র সংকট ঘিরে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে আফ্রিকার দেশ কেনিয়ায় পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে, জনসংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে এইচআইভি ও অন্যান্য যৌনবাহিত রোগের সংক্রমণ বাড়ার আশঙ্কায় চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ।
কেনিয়া মেডিকেল সাপ্লাই অথরিটির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৪০ কোটি কনডমের প্রয়োজন হলেও বর্তমানে মজুত রয়েছে মাত্র ১৫ কোটি। দাতা সংস্থাগুলোর অর্থসাহায্য কমে যাওয়া এবং বিনামূল্যে কনডম বিতরণ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, শুধু সাধারণ মানুষই নয়, কেনিয়ার উচ্চবিত্ত এলাকাগুলিতেও কনডম ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে তরুণ-তরুণীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ভয় বাড়ছে। অনেক তরুণী মা জানিয়েছেন, এই আতঙ্ক তাদের ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্কেও গভীর প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, কনডমের অভাবের কারণে বহু মানুষ বাধ্য হয়ে অরক্ষিত যৌনমিলনে জড়িয়ে পড়ছেন। এর ফলেই এইচআইভি, এইডস, গনোরিয়ার মতো যৌনবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাড়ছে অনিচ্ছাকৃত মাতৃত্বের ঘটনাও।
এদিকে, ভারতে যদিও এখনও কনডমের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন খরচ বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, দেশে কনডমের দাম ইতিমধ্যেই ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
কনডম তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক ল্যাটেক্স, অ্যামোনিয়া, সিলিকন তেল, সালফার, জিঙ্ক অক্সাইড ও বিভিন্ন ফ্লেভার ও রং। আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় এই সমস্ত উপাদানের দামও বেড়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে। নিরাপদ যৌনজীবন নিশ্চিত করতে এবং জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কা ঠেকাতে কনডমকে সহজলভ্য করার উপরই এখন জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল।







