পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোর ওপর। সাম্প্রতিক উত্তেজনার আবহে বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতি হলে ইরান এমন পদক্ষেপ নিতে পারে, যার ফলে বিশ্বের বড় অংশের ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বিশেষ করে হরমুজ প্রণালী এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রণালীর তলদেশ দিয়েই বিস্তৃত রয়েছে একাধিক আন্তর্জাতিক সাবমেরিন ইন্টারনেট কেবল, যা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে ডেটা আদানপ্রদানের মূল সেতু। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি লক্ষ্য করে শুধু হামলা চালানো হয় বা সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভারতের মতো দেশেও সরকারি ও বেসরকারি পরিষেবায় ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে।এছাড়াও উদ্বেগ বাড়াচ্ছে বাব এল-মান্ডেব প্রণালী। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ জলপথের নীচ দিয়েও প্রায় ১৭টি সাবমেরিন কেবল বিস্তৃত, যা বৈশ্বিক ইন্টারনেট ট্র্যাফিকের বড় অংশ বহন করে।
ইরান-সমর্থিত হাউথি গোষ্ঠীর হুঁশিয়ারি ঘিরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা এই অঞ্চলে হামলার ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মহলে চিন্তা বেড়েছে।বিশেষজ্ঞদের মতে, সরাসরি কেবল বিচ্ছিন্ন করার উদ্দেশ্য না থাকলেও, ক্ষেপণাস্ত্র বা সামরিক অভিযানের জেরে দুর্ঘটনাবশত এই সংযোগ ব্যবস্থার ক্ষতি হতে পারে। সেই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাও বড় ধাক্কা খাবে।সব মিলিয়ে, পশ্চিম এশিয়ার এই সংঘাত শুধু আঞ্চলিক নয়—এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, ইন্টারনেট পরিষেবা এবং দৈনন্দিন জীবনের ওপরও। তাই পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব।







