দেশ

এবার নিজের পছন্দের শহরে যাওয়া আরও সহজ ! ১৮ টি শহরে চালু হচ্ছে ‘ওয়াটার মেট্রো’ , তালিকায় কি রয়েছে কলকাতা?

দেশের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। এতদিন শুধুমাত্র কেরলের কোচিতেই ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা চালু ছিল। এবার সেই পরিষেবা দেশের আরও ১৮টি শহরে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দু’টি ধাপে এই প্রকল্পের কাজ এগোনোর ভাবনা রয়েছে। কেন্দ্রের দাবি, ওয়াটার মেট্রো চালু হলে কম খরচে যাতায়াত করা সম্ভব হবে এবং শহরের যানজটও অনেকটাই কমবে।

কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠকে জানান, ধাপে ধাপে দেশের বিভিন্ন শহরে ওয়াটার মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা করছে কেন্দ্র। প্রথম পর্যায়ে গুয়াহাটি, শ্রীনগর, পটনা, বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ-সহ একাধিক শহরকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এর ফলে জলপথে সহজ ও দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে অসমের তেজপুর ও ডিব্রুগড়েও ওয়াটার মেট্রো চালুর প্রস্তাব রাখা হয়েছে।

উল্লেখ্য , কলকাতায় এর আগে তৃণমূল সরকারের তরফে গঙ্গায় ‘ওয়াটার মেট্রো’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই বিষয়ে কোচির ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক হওয়ার কথাও শোনা গিয়েছিল। তবে সেই বৈঠক শেষ পর্যন্ত হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ফলে কেন্দ্রের ঘোষিত ১৮টি শহরের তালিকায় কলকাতার নাম রয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে প্রধানত ইলেকট্রিক ও হাইব্রিড ফেরি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে একদিকে যেমন দূষণ কমবে, তেমনই শহরের যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের মতে, সাধারণ মেট্রো প্রকল্পের তুলনায় ওয়াটার মেট্রো অনেক বেশি সাশ্রয়ী, কারণ এতে নদী ও বিদ্যমান জলপথকেই কাজে লাগানো হবে।

এদিকে, সম্ভাব্য ১৮টি শহরে সমীক্ষার দায়িত্ব ইতিমধ্যেই দেওয়া হয়েছে কোচি মেট্রো রেল লিমিটেডকে। জানা গিয়েছে, বেশিরভাগ শহরের সমীক্ষার কাজও প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.