দেশ

স্মাইল প্লিজ ! চাঁদের মাটিতে দাঁড়িয়ে যাত্রাপথের সেরা ছবি তুলে ল্যান্ডারকে কি এটাই বলতে চাইছে প্রজ্ঞান !

নিজস্ব সংবাদদাতা : নয় নয় করে চাঁদে এক সপ্তাহ কাটিয়ে ফেলল রোভার প্রজ্ঞান।হাতে বাকি আর এক সপ্তাহ। এরই মাঝে ‘অভিযানের সেরা ছবি’ উঠেছে প্রজ্ঞানের ক্যামেরায়। টুইটে বুধবার সেই ছবি প্রকাশ করেছে ইসরো। সেই ছবিতে আসলে ক্যামেরাবন্দি হয়েছে ইসরোর ল্যান্ডার বিক্রম।ইসরো টুইটে জানিয়েছে, বুধবার সকালেই বিক্রমের এই ছবিটি তুলেছে প্রজ্ঞান। একে ‘অভিযানের সেরা ছবি’ হিসেবে তকমা দিয়েছেন বিজ্ঞানীরা। ছবিটি উঠেছে চন্দ্রযান ৩ এর রোভারের নেভিগেশন ক্যামেরাতে।

ইসরো জানিয়েছে, এই নেভিগেশন ক্যামেরাটি বিশেষ ভাবে চন্দ্রযান-৩-এর জন্যই তৈরি করা হয়েছে। প্রজ্ঞানের ক্যামেরায় তোলা বিক্রমের ছবিতে দেখা যাচ্ছে, চাঁদের অমসৃণ মাটিতে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডারটি। ছবিটি বড় করে ইসরো দেখিয়েছে, ল্যান্ডারের নীচে চ্যাস্টে এবং ইলসা পেলোডদু’টিকেও দেখা যাচ্ছে। পৃথিবীর সময় অনুযায়ী, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে এই ছবিটি তোলা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইসরো টুইট করে জানিয়েছিল, চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সালফারের উপস্থিতির প্রমাণ পেয়েছে রোভার প্রজ্ঞান। এ ছাড়াও মিলেছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্ব। ইসরো জানিয়েছিল, এবার হাইড্রোজেনের খোঁজ চলছে চাঁদের ওই অঞ্চলে। প্রজ্ঞানে রয়েছে লেজ়ার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস)। নমুনা সংগ্রহ করে তা লেজ়ার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে এই প্রযুক্তি।

প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেন চন্দ্রযান-৩-এর ল্যান্ডার। পরের দিন ভোরে ইসরো জানায়, ল্যান্ডারের পেট থেকে সফল ভাবে বেরিয়েছে রোভার প্রজ্ঞান। সেটি ঘুরে ঘুরে চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে। ছ’চাকা বিশিষ্ট এই রোভারের গতি সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। পৃথিবীর হিসাবে ১৪ দিন অর্থাৎ এক চন্দ্রদিবস পর্যন্তই তার আয়ু।তারপর চাঁদে সূর্য ডুবে গেলে আর কাজ করবে না ল্যান্ডার বিক্রম ও প্রজ্ঞান দুজনেই। কারণ তখন চাঁদের কুমেরু অঞ্চল হিমশীতলে পরিনত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.