কলকাতারাজনীতি

রেড রোডে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে কড়া বার্তা শুভেন্দুর, “সিগন্যাল ভেঙে আমায় পার করাবেন না”

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari ফের একবার প্রশাসন ও পুলিশের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রেড রোডে তাঁর কনভয় আচমকাই থেমে যায়। কারণ, ট্রাফিক সিগন্যাল না মেনেই মুখ্যমন্ত্রীর গাড়ি পার করানোর প্রস্তুতি নিচ্ছিলেন কর্তব্যরত এক পুলিশ আধিকারিক। আর তাতেই আপত্তি মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রেড রোড হয়ে ময়দানের পিডব্লিউডি টেন্টে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় ট্রাফিক সিগন্যাল লাল থাকলেও প্রোটোকল মেনে দ্রুত কনভয় পার করানোর উদ্যোগ নেন কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার। ঠিক তখনই মাঝরাস্তায় আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি।

গাড়ি থামিয়েই সংশ্লিষ্ট ডিসি-কে ডেকে পাঠান শুভেন্দু। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় সুরে তিনি বলেন, “আমি যখনই এই রাস্তা দিয়ে যাই না কেন, ট্রাফিক আইন ভাঙবেন না। আমি সেরকম মুখ্যমন্ত্রী নই। প্রয়োজনে অন্য রাস্তা দিয়ে নিয়ে যান, কিন্তু সিগন্যাল ভেঙে আমাকে পার করাবেন না।”

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তাঁর সরকারের নবম দিন। আর এই কয়েকদিনের মধ্যেই প্রশাসনের পুরনো সংস্কৃতি বদলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। নবান্নে দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন-শৃঙ্খলা ও পুলিশি ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক ও জনমুখী করার ওপর জোর দিচ্ছেন শুভেন্দু।

কয়েকদিন আগেই পুলিশের গাড়ির ফিটনেস ও শৃঙ্খলা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। পুলিশের উদ্দেশে তখনও তাঁর বার্তা ছিল, “সাধারণ মানুষকে আইন শেখানোর আগে নিজেদেরও আইন মেনে চলতে হবে।” মঙ্গলবার রেড রোডের ঘটনাতেও সেই একই অবস্থানই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনের শীর্ষে বসেই নিজেকে ‘ব্যতিক্রমী’ ও ‘কড়া প্রশাসক’ হিসেবে তুলে ধরতে চাইছেন শুভেন্দু অধিকারী। আর রেড রোডের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.