রাজ্য

গোকুল মিশনে জোর রাজ্যের, দুগ্ধ শিল্প ও গোশালা উন্নয়নে নতুন উদ্যোগ দিলীপ ঘোষের

রাজ্যে শীঘ্রই চালু হতে চলেছে ‘গোকুল মিশন’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গোরু পালন, দুগ্ধ শিল্পের উন্নয়ন এবং সংশ্লিষ্ট একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে সূত্রের খবর। সাধারণ মানুষ যাতে কম খরচে দুধ পেতে পারেন, সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অবৈধ গো-হত্যা ও বাংলাদেশে গরু পাচার রুখতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করা হয়েছে। আগে কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প রাজ্যে কার্যকর হতো না বলেও অভিযোগ ওঠে। তবে এখন সেই কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে আর কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

গোশালা মালিকদের সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষ বলেন, “দেশে যে আইন রয়েছে, সেটাকেই কার্যকর করা হবে। নতুন কোনও আইন আনা হচ্ছে না। সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া জরুরি। পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।”

উল্লেখ্য, বাংলায় সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বও বর্তমানে সামলাচ্ছেন দিলীপ ঘোষ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন।

প্রথমেই তিনি প্রায় ৬ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান। তাঁর কথায়, “দপ্তরের বহু আধিকারিকের সঙ্গে আলোচনা হয়েছে। নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজার নামের শর্টলিস্ট তৈরি হয়েছিল। এখন সেই প্রক্রিয়াই এগোচ্ছে। কর্মীর অভাবে অনেক কাজ আটকে রয়েছে। একজন কর্মীকে একাধিক পঞ্চায়েত সামলাতে হচ্ছে, ফলে কাজের গতি কমছে। সেই সমস্যার সমাধানেই দ্রুত নিয়োগ করা হবে।”

এছাড়াও ‘মা ক্যান্টিন’ নিয়েও নতুন ভাবনার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। ৫ টাকার ডিম-ভাতের পাশাপাশি মাছ-ভাত চালুর ইঙ্গিতও মিলেছিল। আর এবার গোশালা ও দুগ্ধ শিল্পকে ঘিরে নতুন পরিকল্পনা সামনে আসায় আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.