বলিউডে পা রাখার সময় তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী-র মেয়ে হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাহ্নবী কাপুর । ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধড়ক’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবিই বক্স অফিসে সাফল্য পায়। কিন্তু তারপরের পথটা মোটেও সহজ ছিল না অভিনেত্রীর জন্য।
এখন জাহ্নবী ব্যস্ত তাঁর আসন্ন দক্ষিণী ছবি ‘পেড্ডি’ নিয়ে। রাম চরণের-এর বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিচালক বুচি বাবু সানার-র এই স্পোর্টস-অ্যাকশন ড্রামা আগামী ৪ জুন মুক্তি পেতে চলেছে।
গত আট বছরে জাহ্নবী মোট ১৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তবে সেই তালিকায় বক্স অফিস সাফল্যের সংখ্যা খুবই কম। ‘ধড়ক’-এর পর ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘মিলি’, ‘বাওয়াল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলঝ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করলেও বেশিরভাগ ছবিই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
বিশেষ করে জাহ্নবীর শেষ কয়েকটি ছবি নিয়ে হতাশ হয়েছেন ট্রেড বিশ্লেষকরাও। ‘উলঝ’ বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। এছাড়াও ‘হোম বাউন্ড’, ‘পরম সুন্দরী’ এবং ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিগুলিও আশানুরূপ ব্যবসা করতে পারেনি বলে বিভিন্ন ট্রেড রিপোর্টে দাবি করা হয়েছে।
তবে সমালোচনা কিংবা ব্যর্থতা— কোনও কিছুই যেন থামাতে পারেনি জাহ্নবীকে। বরং বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এখন দেখার, ‘পেড্ডি’ কি তাঁর কেরিয়ারে নতুন মোড় আনতে পারে, নাকি ব্যর্থতার তালিকাই আরও দীর্ঘ হবে।







