ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন সাংসদ মালা রায় এবং তাঁর ছেলে নির্বাণ রায়। আদালত তাঁদের ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন মঞ্জুর করেছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তির অভিযোগ সামনে আসে। সেই সময় টালিগঞ্জ থানা এলাকায় উত্তেজনা তৈরির অভিযোগ ওঠে মালা রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার জেরে অস্ত্র আইনে সাংসদের নামে নোটিস জারি করে পুলিশ। এরপরই বুধবার আদালতে আত্মসমর্পণ করেন মা-ছেলে। শুনানি শেষে বিচারক দু’জনকেই ১ হাজার টাকার বন্ডে জামিন দেন।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে জোর প্রচার চালিয়েছিল বিজেপি। একাধিকবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। ২০০ আসনের লক্ষ্য নেওয়া হলেও সেই স্বপ্ন সফল হয়নি। বরং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসে তৃণমূল। এরপর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর ও খুনের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। বিজেপির দাবি ছিল, ৩২১ জন কর্মী নিহত হয়েছেন।
পাঁচ বছর পর ছাব্বিশের নির্বাচনে বাংলায় বড় সাফল্য পেয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ ভোট করানো। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি। সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী Suvendu Adhikari ঘোষণা করেছিলেন, ভোট-পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের পাশে থাকবে সরকার। মঙ্গলবার ফলতায় প্রচারে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার কথাও জানান তিনি।







