বিনোদন

‘গাড়ি থামছিল না, ব্যাগ নিয়ে দৌড়তে হল!’ রাতের কলকাতায় ক্যাব-যাত্রায় আতঙ্কিত ‘বাঘিনী’-র নায়িকা

রাতের কলকাতায় ক্যাব-যাত্রার সময় ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ তুললেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। জি বাংলার ‘বাঘিনী’ ধারাবাহিকে মহুয়ার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। মঙ্গলবার রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে এক ক্যাব চালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন বলে অভিযোগ অভিনেত্রীর। পরে সোশ্যাল মিডিয়া লাইভে এসে ঘটনার কথা জানান তিনি।

অভিনেত্রীর দাবি, হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে ক্যাব বুক করেছিলেন তিনি। প্রথমে পার্ক স্ট্রিট যাওয়ার কথা থাকলেও শুটিংয়ে দেরি হওয়ায় গন্তব্য বদলে দমদম করে দেন। কিন্তু যাত্রাপথে চালকের আচরণ তাঁর সন্দেহজনক মনে হয়। পরিস্থিতি অস্বস্তিকর লাগায় দমদম না গিয়ে রবীন্দ্র সরোবরের কাছে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন সম্পিতা।

তাঁর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও চালক গাড়ি থামাতে চাইছিলেন না। শেষ পর্যন্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামলে শুরু হয় ভাড়া নিয়ে বচসা। চালক দমদম পর্যন্ত সম্পূর্ণ ভাড়া দাবি করেন বলে অভিযোগ। সম্পিতা জানান, তিনি যতটা পথ এসেছেন, সেই অনুযায়ী ভাড়া দিতে রাজি ছিলেন।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিনেত্রীর অভিযোগ, গাড়ি থেকে নামার সময় তাঁর শুটিংয়ের ভারী ব্যাগটি গাড়িতে ছিল। ব্যাগ নিয়ে নামার পর তাঁকে কিছুটা রাস্তা দৌড়তে হয়। কোনওরকমে নিজের জিনিসপত্র নিয়ে সরে আসেন তিনি।

ঘটনার পর আতঙ্কে হাত-পা কাঁপছিল বলে জানান সম্পিতা। পথচারীরা এগিয়ে এসে তাঁকে সামলান। তাঁর আরও অভিযোগ, ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনে যোগাযোগ করেও সময়মতো সাহায্য পাননি। ঘটনার প্রতিবাদে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে অভিযুক্ত চালক বা সংশ্লিষ্ট সংস্থার বক্তব্য এখনও সামনে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.