টলিপাড়ায় বহুদিন ধরেই কানাঘুষো চলছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের সম্পর্ককে নতুন স্বীকৃতি দিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। সম্প্রতি ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাঁদের বাগদান ও আশীর্বাদ অনুষ্ঠান। আর সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েই সুখবর প্রকাশ্যে আনলেন তারকারা।
জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেট থেকেই নাকি একে-অপরের কাছাকাছি আসেন সৌরভ ও শুভস্মিতা। পর্দার ‘দীপ’ ও ‘ঝাঁপি’-র রসায়ন যে বাস্তব জীবনেও জায়গা করে নিয়েছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল দর্শকমহলে। যদিও এতদিন এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। তবে এবার আর কোনও রাখঢাক নয়, প্রেমকে প্রকাশ্যে স্বীকার করলেন তাঁরা।
বাগদানের ছবি পোস্ট করে আবেগঘন বার্তাও দিয়েছেন এই তারকাজুটি। তাঁদের কথায়, এই সম্পর্ক যেন বহু জন্মের বন্ধন। একে-অপরের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে তাঁরা লিখেছেন, “তোমার চোখেই যেন খুঁজে পেয়েছি আমার ঘর। আজ, কাল এবং চিরন্তন… হ্যাঁ, আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।”
ঘরোয়া অনুষ্ঠানে শুভস্মিতার লাল কাঞ্জিভরম শাড়ি ও সৌরভের ঐতিহ্যবাহী পাঞ্জাবি-পায়জামার লুক নজর কেড়েছে অনুরাগীদের। ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁদের সোশ্যাল মিডিয়া।
এখন প্রশ্ন একটাই—কবে বিয়ে? টলিপাড়ার অন্দরমহলের খবর, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের কাজ শেষ হলেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন সৌরভ ও শুভস্মিতা। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাঁরা। তবে অনুরাগীদের অপেক্ষা যে আরও বেড়ে গেল, তা বলাই বাহুল্য।







