বিদেশ

এফ-১৫ থেকে এফ-৩৫ ধ্বংস! মার্কিন ক্ষয়ক্ষতির রিপোর্ট ঘিরে তপ্ত ওয়াশিংটন-তেহরান সম্পর্ক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ঘিরে নতুন করে চাপে পড়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেস-সংযুক্ত গবেষণা সংস্থা ‘কংগ্রেসশনাল রিসার্চ সার্ভিস’ (সিআরএস)-এর প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি সংঘাতে এখনও পর্যন্ত মোট ৪২টি মার্কিন সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই রিপোর্ট সামনে আসতেই আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে ইরান।

রিপোর্ট অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের তালিকায় রয়েছে অত্যাধুনিক এফ-১৫ই ইগল ও এফ-৩৫এ লাইটনিং যুদ্ধবিমানও। এছাড়াও ধ্বংস হয়েছে এ-১০ থান্ডারবোল্ট ২ যুদ্ধবিমান, কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান, ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান এবং বিশেষ অভিযানে ব্যবহৃত এমসি-১৩০জে কমান্ডো বিমান। তালিকায় রয়েছে একাধিক যুদ্ধকালীন উদ্ধারকারী হেলিকপ্টারও।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ড্রোন বাহিনীতে। সিআরএসের দাবি, ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন ধ্বংস হয়েছে সংঘর্ষে। যদিও মার্কিন প্রতিরক্ষা দফতর এখনও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির সরকারি হিসাব প্রকাশ করেনি।

কিছুদিন আগেই পেন্টাগন জানিয়েছিল, এই যুদ্ধের জেরে মার্কিন কোষাগার থেকে প্রায় ২৯ বিলিয়ন ডলার খরচ হয়েছে। সেই বিপুল অর্থের বড় অংশ গিয়েছে ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মেরামতে।

সিআরএস জানিয়েছে, তাদের এই রিপোর্ট তৈরি হয়েছে সংবাদমাধ্যমের তথ্য, প্রতিরক্ষা দফতরের বিবৃতি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের নথি বিশ্লেষণ করে। তবে রিপোর্ট সামনে আসতেই আরও আক্রমণাত্মক সুর শোনা গিয়েছে তেহরানের তরফে।

ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘাচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ না করলে আমেরিকার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে।” তাঁর এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ আকার নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.