ভোট মিটলেও বাংলা থেকে এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট-পরবর্তী অশান্তির আশঙ্কাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে রাজ্য সরকারের চাওয়া মতো অক্টোবর পর্যন্ত নয়, আপাতত আগামী ২০ জুন ২০২৬ পর্যন্তই এই বাহিনী রাজ্যে থাকছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের একাধিক জেলায় রাজনৈতিক সংঘর্ষ, দলবদল ঘিরে উত্তেজনা এবং প্রশাসনিক অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই নবান্ন চেয়েছিল অন্তত দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বজায় রাখতে। এ বিষয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক আবেদনও জানানো হয়েছিল।
কেন্দ্র সেই আবেদন খতিয়ে দেখে আপাতত এক মাসের জন্য মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগামী ২০ জুন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি সিএপিএফ (CAPF) জওয়ান।
কোন বাহিনীর কত কোম্পানি থাকবে, তারও বিস্তারিত তালিকা দিয়েছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে—
সিআরপিএফ (CRPF): ২০০ কোম্পানি
বিএসএফ (BSF): ১৫০ কোম্পানি
সিআইএসএফ (CISF): ৫০ কোম্পানি
আইটিবিপি (ITBP): ৫০ কোম্পানি
এসএসবি (SSB): ৫০ কোম্পানি
শুধু বাহিনী রাখাই নয়, কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশও দেওয়া হয়েছে। বাহিনীর যাতায়াত, থাকা, খাবার, পরিবহন, নিরাপত্তা ও অন্যান্য লজিস্টিকস সংক্রান্ত সমস্ত দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকেই বহন করতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো দ্রুত সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে নবান্নকে।
এখন রাজনৈতিক মহলের নজর ২০ জুনের পরের পরিস্থিতির দিকে। ওই সময়ের পরে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হবে, নাকি ফের মেয়াদ বৃদ্ধির আবেদন করবে রাজ্য সরকার — তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।







