বলিউডে বক্স অফিস সাফল্য নিয়ে নানা আলোচনা চললেও সম্পত্তি বিনিয়োগে যে তিনি এখনও দারুণ সফল, তা ফের প্রমাণ করলেন অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বইয়ের বোরিভেলি এলাকার একটি আবাসনে থাকা তাঁর দুটি ফ্ল্যাট বিক্রি করে কয়েক কোটি টাকার লাভ করেছেন অভিনেতা।
জানা গিয়েছে, ওবেরয় স্কাই সিটি প্রকল্পে থাকা দুটি ফ্ল্যাট মোট ৭.১ কোটি টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটি বড় ফ্ল্যাট বিক্রি হয়েছে ৫.৭৫ কোটি টাকায় এবং অপরটি ১.৩৫ কোটি টাকায়। ক্রেতা হিসেবে নাম উঠে এসেছে সুবর্ণা রুপেশকুমার সাকপালের।
নথি অনুযায়ী, ২০১৭ সালে এই দুটি সম্পত্তি কিনেছিলেন অক্ষয়। তখন প্রথম ফ্ল্যাটটির জন্য তিনি প্রায় ৩ কোটি টাকা এবং দ্বিতীয়টির জন্য প্রায় ৬৭.৫৫ লক্ষ টাকা খরচ করেছিলেন। সেই হিসেবে সাম্প্রতিক বিক্রিতে তাঁর মোট লাভ প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।
তবে এটাই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই নিয়মিত সম্পত্তি কেনাবেচা করছেন অভিনেতা। ২০২৫ সালেও একই আবাসনের আরও দুটি ফ্ল্যাট বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করেছিলেন তিনি। বাজারদরের তুলনায় কম দামে সম্পত্তি কিনে পরে উচ্চ মূল্যে বিক্রি করার কৌশলেই লাভের মুখ দেখছেন অক্ষয়।
অন্যদিকে, সম্প্রতি তাঁর স্ত্রী টুইংকেল খান্না-ও মুম্বইয়ের ওরলির একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছেন। ফলে এই দম্পতির রিয়েল এস্টেট বিনিয়োগ এখন বিশেষভাবে আলোচনায়।
অনেকের মনে প্রশ্ন উঠছে, পরপর সম্পত্তি বিক্রির নেপথ্যে কি আর্থিক চাপ রয়েছে? তবে ঘনিষ্ঠ মহলের মতে, বিষয়টি মোটেই তা নয়। বরং অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট বিনিয়োগকেও লাভজনক ব্যবসা হিসেবে দেখছেন অক্ষয়। কম দামে সম্পত্তি কিনে সঠিক সময়ে বিক্রি করে মোটা মুনাফা অর্জনের কৌশলেই এগোচ্ছেন তিনি।







