দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সূত্রের খবর, বাসন্তী থানার চুনাখালি ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে চিরুনি অভিযান। ইতিমধ্যেই শওকত মোল্লার ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য পালানোর পথ বন্ধ করতে গোটা এলাকা ঘিরে ফেলেছে তদন্তকারী সংস্থা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শওকত মোল্লা বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বারুইপুর থেকে বাসন্তীর দিকে যেতে দেখা যায় তাঁকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শওকতের পরনে ছিল লাল রঙের জামা এবং তিনি আরও কয়েকজন সহযোগীর সঙ্গে দুটি মোটরবাইকে করে এলাকায় প্রবেশ করেছিলেন। বিকেল সাড়ে তিনটা নাগাদ খেয়াঘাট এলাকায় তাঁদের দেখা যায় বলে দাবি স্থানীয়দের।
বাসিন্দাদের অভিযোগ, খেয়াঘাট পেরিয়ে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া এলাকায় পৌঁছে সীমান্তের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছেই হওয়ায় রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল বলে তাঁদের দাবি। তবে এলাকার মানুষ সতর্ক হয়ে ব্যারিকেড তৈরি করায় সেই পরিকল্পনা সফল হয়নি বলে জানা যাচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, শওকত মোল্লা চুনাখালি এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন এবং তাঁকে পালাতে সাহায্যকারীদেরও খুঁজছে NIA। অন্য এক স্থানীয় বাসিন্দার দাবি, তদন্তকারীদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে তিনি নদী পেরিয়ে করাকাঠি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে পরে বাংলাদেশে পালানোর চেষ্টা করতে পারেন।
এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা সংলগ্ন এলাকায় NIA-র বিশেষ দল বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। কোনওভাবেই যাতে অভিযুক্ত সীমান্ত পেরিয়ে পালাতে না পারেন, সেজন্য গোটা এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। যদিও শওকত মোল্লার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এবং স্থানীয়দের দাবির বিষয়ে এখনও পর্যন্ত NIA বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







