পাকিস্তানে ফের বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা। পাকিস্তানের বালোচিস্তানে সেনা বহনকারী একটি ট্রেনে বিস্ফোরক ভর্তি গাড়ির ধাক্কায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।ভি
সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম বালোচিস্তান প্রদেশে সেনা জওয়ানদের নিয়ে একটি ট্রেন যাচ্ছিল। কোয়েট্টা অঞ্চলের চামান পট্টক সিগন্যালের কাছে পৌঁছতেই আচমকা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের কামরায় সজোরে ধাক্কা মারে। তারপরই প্রবল বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা একাধিক গাড়িতেও।
বিস্ফোরণের জেরে ট্রেনের অন্তত দুটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত ট্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ও অন্যান্য যাত্রীরা।
জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বহু পাক সেনা জওয়ান এবং তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা পেশোয়ারে ইদের ছুটি কাটাতে যাচ্ছিলেন।
এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এর পিছনে রয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)। দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে পৃথক স্বাধীন বালোচিস্তানের দাবিতে সরব এই সংগঠন। অতীতেও পাক সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে তারা। এর আগে বালোচিস্তানে ট্রেন থামিয়ে যাত্রী অপহরণের ঘটনাতেও নাম জড়িয়েছিল এই সংগঠনের।







