ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট— এই নীতিতেই এগোতে চায় রাজ্যের নবগঠিত বিজেপি সরকার। শুধু ঘোষণা নয়, এবার শুরু হয়ে গেল অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে সীমান্ত পার করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও। সেই লক্ষ্যেই রাজ্য সরকারের তরফে প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ পাঠানো হয়েছে। কাউকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হলে তাঁকে ওই হোল্ডিং সেন্টারে রাখা হবে।
নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন। ক্ষমতায় আসার পর একই অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর বক্তব্য, কেন্দ্রের আইন এবার রাজ্যেও কার্যকর হবে এবং চিহ্নিত অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।
হোল্ডিং সেন্টার নিয়ে কী জানাল রাজ্য সরকার?
সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করতে। বিশেষ করে যাঁরা বাংলাদেশি বা রোহিঙ্গা এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের শনাক্ত করে ওই সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সংশোধনাগার থেকে মুক্তি পাওয়া অনুপ্রবেশকারীদেরও সেখানে রাখার কথা বলা হয়েছে। পরে নির্দিষ্ট নিয়ম মেনে বিএসএফ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।
জানা গিয়েছে, ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি সমস্ত জেলার প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
কাদের ডিপোর্ট করা হবে?
কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন এবং সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন, তাঁদের বৈধ নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। তবে যাঁরা ওই আইনের আওতায় আসেন না, বিশেষ করে বাংলাদেশে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, তাঁদের বিরুদ্ধে ডিপোর্টের প্রক্রিয়া চালানো হবে।







