রাজ্যসভার পদ হারানোকে কেন্দ্র করেই শুরু হয়েছিল মতবিরোধ। শেষ পর্যন্ত দল বদলে সেই রাজ্যসভাতেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাঘব চাড্ডা। কয়েক সপ্তাহ আগে Raghav Chadha কেজরিবালের Aam Aadmi Party ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর তারপরই তাঁকে দেওয়া হল রাজ্যসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আম আদমি পার্টি থেকে সদ্য বিজেপিতে আসা রাঘব চাড্ডাকে রাজ্যসভার কমিটি অন পিটিশনের চেয়ারম্যান করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ ও আবেদন খতিয়ে দেখার দায়িত্বে থাকা এই কমিটির নেতৃত্ব এবার তাঁর হাতে। আপে থাকার সময় থেকেই জনস্বার্থের নানা ইস্যু তুলে ধরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাঘব। তবে পরে দলের সঙ্গে দূরত্ব বাড়তেই রাজ্যসভায় তাঁর বক্তব্য রাখার সুযোগও সীমিত করে দেওয়া হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
সম্প্রতি রাজ্যসভার তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি অন পিটিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন রাঘব চাড্ডা। বিভিন্ন রাজ্য ও রাজনৈতিক দলের মোট ১০ জন সদস্য এই কমিটিতে থাকবেন।
রাজ্যসভার এই কমিটির মূল কাজ হল সাধারণ মানুষের সমস্যা ও বিভিন্ন জনস্বার্থমূলক আবেদন পর্যালোচনা করা। পাশাপাশি নীতি, প্রস্তাবিত আইন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা ও পর্যবেক্ষণ করে এই কমিটি।
উল্লেখ্য, রাঘব চাড্ডার আপ ছাড়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছিল। রাজ্যসভায় দক্ষ বক্তা হিসেবে পরিচিত রাঘব আম আদমি পার্টির অন্যতম মুখ ছিলেন। পঞ্জাবে আপের উত্থানের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বারবার উঠে এসেছে। কিন্তু গত কয়েক মাসে দলের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এরপর তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। কিছুদিন পরই তিনি আম আদমি পার্টি ছাড়েন এবং আরও ৭ জন আপ সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা, ভবিষ্যতে পঞ্জাবে বিজেপির অন্যতম প্রধান মুখ হতে পারেন রাঘব চাড্ডা।







