বহুল জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিককে আজই আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তা হল, বয়ানে অসঙ্গতি বর্তমান এবং সেইসঙ্গে তদন্তে কোনওপ্রকার সহযোগিতা করছেন না তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে নথি জমা দিয়েছেন, সেখানে একাধিক গরমিল রয়েছে, এমনটাই খবর ইডি সূত্রে।
প্রসঙ্গত, মাঝে মানিক ভট্টাচার্যের কোনও খোঁজ মিলছিল না৷ সেই সময় লুকআউট নোটিসও জারি করা হয়। তবে তার পরদিনই তাঁকে যাদবপুরের ফ্ল্যাটের বারান্দায় দেখা যায়। এরপর সোমবার তদন্তকারীরা মানিককে ডেকে পাঠায় সিজিও কমপ্লেক্সে। যাবতীয় নথি সমেত তাঁকে আসতে বলা হয়েছিল।







