টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ও আর্দ্রতার জেরে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে আংশিক মেঘের দেখা মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে শহরের কয়েকটি এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরেই কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় এলাকার বেশ কিছু জেলায় মঙ্গলবার ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
তবে সব জায়গায় যে স্বস্তি মিলবে, এমনটা নয়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গেও সক্রিয় হচ্ছে বর্ষণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে।







