রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের বিতর্কের কেন্দ্রে উঠে এল বহু চর্চিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প। একসময় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে শুরু হওয়া এই পরিষেবা এবার বন্ধের দাবিতে সরব হলেন রেশন ডিলাররাই। তাঁদের অভিযোগ, বর্তমান ব্যবস্থায় অতিরিক্ত আর্থিক চাপ ও কর্মী সংকটের কারণে পরিষেবা চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
সোমবার ‘জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল’-এর বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেশন ডিলাররা একজোট হয়ে প্রকল্পটি বাতিলের দাবি তোলেন। ডিলারদের বক্তব্য, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে গিয়ে পরিবহণ খরচ লাগামছাড়া বেড়েছে। অথচ সেই খরচের জন্য পর্যাপ্ত সরকারি সহায়তা নেই। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকায় গাড়ির অভাব, শ্রমিক সমস্যা এবং অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
ডিলার সংগঠনগুলির দাবি, এই প্রকল্প চালু থাকলে অনেক ছোট ডিলারশিপ ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। তাই শুধু ‘দুয়ারে রেশন’ প্রত্যাহার নয়, একইসঙ্গে কমিশন বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষার দাবিও জানানো হয়েছে।
এদিকে বিষয়টি ইতিমধ্যেই আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। সংগঠনের দাবি, এই প্রকল্পে সাধারণ মানুষের স্থায়ী সুবিধার তুলনায় সরকারের ব্যয় অনেক বেশি, পাশাপাশি ডিলারদের উপর অযৌক্তিক চাপ তৈরি হচ্ছে।
খুব শীঘ্রই রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে বৈঠকে বসতে চলেছে ডিলারদের যৌথ মঞ্চ। সেখানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের আমলে খাদ্য বণ্টন ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।







