কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব আরও তীব্র হল। একদিকে লোকসভার স্পিকারের কাছে কল্যাণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকলি, অন্যদিকে পাল্টা কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কাকলির অভিযোগ, লোকসভার ভিতরে তাঁকে অশালীন ভাষায় অপমান করেছেন কল্যাণ। শুধু তাই নয়, মহিলা সাংসদদের প্রতি কল্যাণের আচরণও অসম্মানজনক বলে স্পিকারের কাছে জানিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনেও একই অভিযোগ তোলেন কাকলি। তাঁর দাবি, মহিলা সাংসদদের উদ্দেশে একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছেন কল্যাণ।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পুরনো ঘটনা টেনে এনে অভিযোগ করলেই তা সত্যি হয়ে যায় না। সব অভিযোগই ভিত্তিহীন।” তাঁর দাবি, কাকলির অভিযোগে নির্দিষ্ট কোনও তথ্য নেই।
এদিকে কাকলির বিরুদ্ধে পাল্টা বড় পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কল্যাণ। তিনি বলেন, “নারদ মামলায় উনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। তদন্তের অনুমতি চেয়ে স্পিকারের কাছে আবেদন জানানো হয়েছিল। আমি আবারও সেই অনুমোদন দেওয়ার দাবি জানাব।” কল্যাণের অভিযোগ, অন্যদের বিরুদ্ধে তদন্ত এগোলেও কাকলির ক্ষেত্রে এখনও অনুমতি মেলেনি। তাঁর প্রশ্ন, “সবার তদন্ত হতে পারে, তাহলে উনি ব্যতিক্রম হবেন কেন?”







