সোশ্যাল মিডিয়ায় পোষ্যদের নিয়ে মজার ও আবেগঘন ভিডিয়ো বানিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছিলেন তরুণী কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী। কিন্তু সেই প্রাণবন্ত মুখের আকস্মিক মৃত্যুতে এখন শোকস্তব্ধ নেটদুনিয়া। মাত্র ২৪ ঘণ্টা আগেও নিজের প্রিয় পোষ্য গরু ‘সুন্দরী’-কে নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন সায়নী। তারপরই সামনে আসে তাঁর রহস্যমৃত্যুর খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিবেণীর গঙ্গার ঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে সায়নীর নিথর দেহ। ঘটনার পর স্বতঃপ্রণোদিতভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় সায়নী ও তাঁর মা মলি চক্রবর্তীর জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। তাঁদের পোষ্যদের নিয়ে প্রতিদিনের জীবনযাপন, খুনসুটি এবং ভালোবাসার মুহূর্ত নিয়মিত ভাইরাল হত। বিশেষ করে ‘সুন্দরী’ নামের পোষ্য গরুকে ঘিরে তৈরি হওয়া কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। অনুরাগীদের অনেকেই তাঁদের পরিবারের সদস্যের মতোই মনে করতেন।
সম্প্রতি আইন নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন সায়নী। সেই আনন্দের মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। তাই হঠাৎ এমন মর্মান্তিক ঘটনার খবর বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে কয়েকদিন আগের নৈহাটির বড়মা মন্দির বিতর্ক। সেখানে পুজো দিতে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সায়নী ও তাঁর মা। সেই ঘটনার প্রতিবাদে ফেসবুক লাইভও করেছিলেন তাঁরা। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্ক তৈরি হয়েছিল।
এখন প্রশ্ন একটাই—হাসিখুশি সেই তরুণীর জীবনে হঠাৎ কী এমন ঘটল? রহস্যমৃত্যুর জট খুলতে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার থেকে অনুরাগী—সবাই।







