আইপিএল শেষ হতে না হতেই ব্যস্ত সূচির মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। আগামী কয়েক মাসে দেশে ও বিদেশে একাধিক সিরিজ খেলবে ভারতীয় দল। এরই মধ্যে ভারতীয় দলের কোচিং দায়িত্বে পরিবর্তনের খবর সামনে এসেছে। তবে গৌতম গম্ভীরের পদে কোনও পরিবর্তন হচ্ছে না। বরং বিশেষ পরিস্থিতির কারণেই অন্য ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে।
আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। গত আসরে রিজার্ভ ক্রিকেটারদের নিয়ে অংশ নিয়েও সোনার পদক জিতেছিল ভারত। এবারও সেই সাফল্য ধরে রাখতে মরিয়া বিসিসিআই। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে গৌতম গম্ভীরকে এশিয়ান গেমসের দলে পাঠানো হবে না। তার পরিবর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন।
সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের একদিনের এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। সেই সফরে সিনিয়র দলের সঙ্গেই থাকবেন গম্ভীর। ফলে একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও এশিয়ান গেমসের জন্য আলাদা দুটি ভারতীয় দল গঠন করা হতে পারে। সেই লক্ষ্যেই প্রায় ৩০ থেকে ৩৫ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখার পরিকল্পনা করছে বোর্ড।
আগামী আয়ারল্যান্ড সিরিজে কয়েকজন নতুন মুখকে পরীক্ষা করে দেখা হতে পারে। সেই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশীও। তরুণ এই ক্রিকেটারের এশিয়ান গেমসের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে সম্ভাব্য ক্রিকেটারদের একটি প্রাথমিক তালিকাও তৈরি করা হয়েছে।
তবে সেই তালিকায় সূর্যকুমার যাদবের নাম না থাকায় জল্পনা শুরু হয়েছে। যদিও এর অর্থ এই নয় যে তাঁকে সম্পূর্ণভাবে পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে বিবেচনা করা হতে পারে। অন্যদিকে সম্ভাব্য তরুণদের মধ্যে যশ ঠাকুর, বিপ্রাজ নিগম, অনুকূল রায় এবং হর্ষ দুবের নামও আলোচনায় রয়েছে।






