রাজনীতি

তাপস পালকে ‘ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছিল’, মমতা-কুণালকে নিশানা নন্দিনী পালের

তৃণমূল কংগ্রেসের অন্দরে ভিন্নমত এবং ‘বিবেক’ প্রসঙ্গকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করলেন প্রয়াত অভিনেতা-রাজনীতিক তাপস পাল-এর স্ত্রী নন্দিনী পল । তৃণমূল নেতা কুণাল ঘোষ-এর সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাবে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জী-র রাজনৈতিক ভূমিকা ও অতীত সিদ্ধান্ত নিয়ে।

সম্প্রতি কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন যে, তৃণমূলের টিকিটে জয়ী হওয়া বিধায়কদের দলের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ‘বিবেকবান’ থাকা উচিত। তাঁর দাবি ছিল, বহু জনপ্রতিনিধি মূলত ঘাসফুল প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার জোরেই নির্বাচনে জয়ী হয়েছেন।

এই বক্তব্যের তীব্র সমালোচনা করে নন্দিনী পাল প্রশ্ন তোলেন, অতীতে তৃণমূলের হয়ে জয়ী হওয়া নেতারা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই মানুষের সমর্থন পেয়েছিলেন? ২০০১, ২০০৬ এবং ২০০৯ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেই সময় বহু প্রার্থী নিজেদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও জনসংযোগের জোরেও মানুষের আস্থা অর্জন করেছিলেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি প্রয়াত তাপস পালের প্রসঙ্গ টেনে আনেন। নন্দিনী পালের অভিযোগ, রাজনৈতিক প্রয়োজনে তাঁকে ব্যবহার করা হয়েছিল এবং পরে দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে রাখা হয়। তাঁর দাবি, এই পরিস্থিতিই তাপস পালের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিবেক’ কোথায় ছিল।

এখানেই থেমে না থেকে কুণাল ঘোষের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন নন্দিনী পাল। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় কুণাল ঘোষ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন এবং নানা অভিযোগও তুলেছিলেন। সেই অবস্থান থেকে বর্তমান ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক কীভাবে তৈরি হল, তার ব্যাখ্যা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নন্দিনী পালের এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূলের অন্দরে মতপার্থক্য, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং অতীত রাজনৈতিক ঘটনাবলি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.