রাজ্যে ক্ষমতা হারানোর পর ‘মা-মাটি-মানুষ’-এর দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ বাড়ছে সাংগঠনিক অস্বস্তি। একদিকে দলের সাধারণ কর্মী ও মাঝারি স্তরের নেতারা আইনি জটিলতা এবং প্রশাসনিক চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ, অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানে যাতায়াত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুধু অভিষেকই নন, সম্প্রতি দিল্লি সফরে গিয়ে ফেরার সময় একই চার্টার্ড বিমান ব্যবহার করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিষয়টি নিয়ে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে সূত্রের দাবি।
এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে নিজের মতামত জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমানে গিয়েছেন কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে যদি চার্টার্ড বিমানের খরচ দলীয় তহবিল থেকে বহন করা হয়ে থাকে, তাহলে একজন দলীয় কর্মী হিসেবে আমি সেটাকে সমর্থন করি না। তবে তিনি যদি অন্য কারও বিমানে সহযাত্রী হিসেবে গিয়ে থাকেন, তাহলে সে বিষয়ে আলাদা কিছু বলার নেই।”
দলীয় সূত্রের দাবি, নির্বাচনের পর তৃণমূলের তৃণমূলস্তরের কর্মীরা নানা সমস্যার মুখে পড়লেও শীর্ষ নেতৃত্বের এই ব্যয়বহুল সফর অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ফলে দলের ভিতরে ক্ষোভ জমছে বলেও আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার ডাকে বিশেষ শুনানিতে অংশ নিতে ফের দিল্লি যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিমানবন্দর সূত্রের খবর, এই সফরেও তিনি চার্টার্ড বিমান ব্যবহার করতে পারেন।
বিমান চলাচল সংক্রান্ত মহলের অনুমান, কলকাতা-দিল্লি রুটে চার্টার্ড বিমানের খরচ সাধারণ বাণিজ্যিক উড়ানের তুলনায় অনেক বেশি। উড়ানের সময়, বিমান সংস্থার ধরন, ক্রু খরচ, পার্কিং, কেটারিং, এয়ারপোর্ট চার্জ ও কর মিলিয়ে একটি সফরে কয়েক কোটি টাকা পর্যন্ত ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
দলীয় সূত্রে আরও জানা যাচ্ছে, গত কয়েক সপ্তাহে একাধিকবার এই ধরনের চার্টার্ড বিমান ব্যবহার করা হয়েছে। গত ৭ জুন দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে চার্টার্ড বিমানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে একই বিমান ব্যবহার করে দিল্লি সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরবর্তী সময়ে দু’জনেই আলাদা দিনে সেই বিমানেই কলকাতায় ফেরেন বলে জানা গিয়েছে। এক সফরে সাংসদ ডেরেক ও’ব্রায়েনও অভিষেকের সঙ্গে ছিলেন বলে সূত্রের দাবি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ব্যয়বহুল বিমান সফরের অর্থের উৎস কোথায়? খরচ কি দলীয় তহবিল থেকে মেটানো হচ্ছে, নাকি অন্য কোনও উৎস থেকে তার ব্যবস্থা করা হচ্ছে— তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ দলীয় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সম্প্রতি ব্যাঙ্কে চিঠি দিয়ে তৃণমূলের প্রায় ৫৩৪ কোটি টাকার একটি অ্যাকাউন্টে সাময়িকভাবে লেনদেন স্থগিত রাখার আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে দলীয় আর্থিক পরিস্থিতি নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন চার্টার্ড বিমানের বিপুল ব্যয় নিয়ে প্রশ্নও ক্রমশ জোরালো হচ্ছে।







