কলকাতারাজ্য

বর্ষার আগে বড় উদ্যোগ রাজ্যের! এক হেল্পলাইনেই জল জমা-ডেঙ্গি-বেআইনি নির্মাণের অভিযোগ, কলকাতায় আসছে সৌরশক্তিচালিত স্মার্ট বাসস্ট্যান্ড

কলকাতা: বর্ষা মরশুমকে সামনে রেখে শহুরে পরিকাঠামো ও নাগরিক পরিষেবাকে আরও আধুনিক এবং কার্যকর করতে একাধিক বড় ঘোষণা করল রাজ্যের নগর উন্নয়ন ও পুর দফতর। শুক্রবার দফতরের পক্ষ থেকে জানানো হয়, জল জমা, ডেঙ্গির প্রকোপ, বেআইনি নির্মাণ-সহ পুরসভা সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হচ্ছে রাজ্যব্যাপী একটি একক হেল্পলাইন ব্যবস্থা। একইসঙ্গে কলকাতার রাস্তায় বসতে চলেছে সৌরশক্তিচালিত স্মার্ট বাসস্ট্যান্ড।

দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হেল্পলাইন চালু থাকবে। ভবিষ্যতে এটিকে ২৪ ঘণ্টার পরিষেবায় রূপান্তরিত করার পরিকল্পনাও রয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি, প্রতি সপ্তাহে অভিযোগ ও তার নিষ্পত্তির উপর বিস্তারিত রিপোর্টও তৈরি হবে।

বর্ষাকালে জল জমার সমস্যা মোকাবিলায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অতিরিক্ত পাম্প মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৩৪টি ১০ হর্সপাওয়ারের পাম্প ভাড়া নেওয়া হয়েছে। দফতরের নিজস্ব ৩৯টি পাম্পের পাশাপাশি আরও ৫০টি পাম্প জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাম্প পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি ও কর্মীদেরও সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শহরের সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও থিয়েটার রোডে ডিজিটাল হোর্ডিং বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ডিজিটাল স্ক্রিন চালুও হয়েছে। এই স্ক্রিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ সরকারি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা, কলকাতার বাসস্ট্যান্ডগুলিকে ধাপে ধাপে সৌরশক্তিচালিত স্মার্ট বাসস্ট্যান্ডে রূপান্তর করা হবে। সেখানে থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট, ডিজিটাল বাস সময়সূচি এবং যাত্রীবান্ধব আধুনিক নাগরিক সুবিধা। বর্ষার চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনায় এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.