ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ মামলায় ২৪ ঘণ্টার টানটান নাটকের পর অবশেষে গ্রেফতার হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা। শুক্রবার রাতে নিউটাউন এলাকায় তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, তিনি জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র দফতরে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। তবে নিউটাউন ব্রিজের কাছে পৌঁছনোর আগেই তাঁকে পাকড়াও করা হয়।
বৃহস্পতিবার ভোরে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছয় NIA। কিন্তু সেখানে গিয়ে তদন্তকারীরা দেখেন বাড়িতে তালা ঝুলছে। এরপর আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়। তদন্তের স্বার্থে শওকত মোল্লার ছেলে, স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। ছেলেকে কিছু সময়ের জন্য আটক করে জেরা করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে দীর্ঘ তল্লাশি ও চিরুনি অভিযানের পরও ওই দিন শওকত মোল্লার খোঁজ মেলেনি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাটি ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। শুরু থেকেই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব ছিল আইএসএফ। তাদের আবেদনের ভিত্তিতেই পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে NIA।
তদন্তে ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে। তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ কয়েকজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ভোটের আগে এলাকায় বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল এবং সেই চক্রের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। শওকত মোল্লার বাড়িতে তল্লাশি ও পরবর্তী গ্রেফতারি সেই তদন্তেরই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।
শওকত মোল্লার গ্রেফতারের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তদন্তের পরবর্তী পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।







