কলকাতারাজনীতি

যাদবপুর উচ্ছেদ-কাণ্ডে জামিন সৃজনের, আদালত চত্বরে বাম কর্মীদের উচ্ছ্বাস

সোমবার দুপুরে আলিপুর আদালত চত্বরে বাম নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনার ছবি দেখা যায়। যাদবপুর স্টেশন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ অন্যান্য অভিযুক্তদের জামিন মঞ্জুর করে আদালত।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়, যার মধ্যে দুটি ছিল অজামিনযোগ্য ধারায়।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। যাদবপুর স্টেশন রোডে হকারদের দোকান উচ্ছেদের জন্য বুলডোজার নিয়ে পৌঁছায় প্রশাসন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হন বহু হকার ও স্থানীয় বাসিন্দা। তাঁদের সমর্থনে আন্দোলনে সামিল হন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য-সহ একাধিক বাম নেতা।

উচ্ছেদ রুখতে আন্দোলনকারীরা বুলডোজারের সামনে অবস্থান নেন। দীর্ঘ সময় ধরে তাঁরা সরে না যাওয়ায় পুলিশ, আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী অভিযান শুরু করে। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পর আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সুজন চক্রবর্তী-সহ একাধিক বাম নেতা-কর্মী আহত হন। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় সৃজন ভট্টাচার্য অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাতে চেয়েছিল। তিনি দাবি করেন, গরিব মানুষের জীবিকা রক্ষার লড়াইয়ে তাঁরা পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অন্যদিকে, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ভোররাত থেকে যাদবপুর এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়। সুকান্ত সেতু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.