গরমের দিনে এসির রিমোট খুঁজে না পেলে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। অনেক সময় রিমোট হারিয়ে যায়, আবার কখনও ব্যাটারি শেষ হয়ে যায়। তবে এখন আর এসি চালাতে রিমোটের উপর পুরোপুরি নির্ভর করতে হবে না। আপনার হাতের স্মার্টফোনই হয়ে উঠতে পারে এসির বিকল্প রিমোট।
বর্তমানে Xiaomi, Redmi, Poco-সহ বেশ কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিল্ট-ইন IR Blaster থাকে, যার সাহায্যে ফোন থেকেই সরাসরি এসি নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু একটি রিমোট অ্যাপ ব্যবহার করলেই তাপমাত্রা কমানো-বাড়ানো, ফ্যানের গতি পরিবর্তন বা এসি অন-অফ করার মতো কাজ করা যায়।
কীভাবে ফোনকে এসির রিমোট বানাবেন?
প্রথমে ফোনে থাকা Mi Remote বা অন্য কোনও ইউনিভার্সাল রিমোট অ্যাপ খুলুন। অ্যাপ না থাকলে প্লে স্টোর থেকে উপযুক্ত রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। এরপর ‘Add Remote’ অপশনে গিয়ে AC নির্বাচন করে নিজের এসির ব্র্যান্ড বেছে নিলেই সেটআপ সম্পূর্ণ। তারপর ফোনটি এসির দিকে তাক করিয়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ করা যাবে।
তবে এই সুবিধা পেতে স্মার্টফোনে IR Blaster থাকা জরুরি। কারণ IR প্রযুক্তির মাধ্যমেই ফোন থেকে এসিতে সিগন্যাল পাঠানো হয়।
ওয়াই-ফাই এসি হলে আরও সুবিধা
যদি আপনার এসি ওয়াই-ফাই সমর্থিত স্মার্ট এসি হয়, তাহলে IR Blaster না থাকলেও সমস্যা নেই। সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে এসিকে ঘরের ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত করা যায়। এরপর স্মার্টফোন থেকেই তাপমাত্রা নিয়ন্ত্রণ, টাইমার সেটিং কিংবা মোড পরিবর্তনের মতো কাজ করা সম্ভব। এমনকি বাড়ির বাইরে থেকেও এসি নিয়ন্ত্রণ করা যায়।
প্রযুক্তির এই সুবিধার ফলে রিমোট হারিয়ে গেলেও আর অস্বস্তিতে পড়তে হবে না। স্মার্টফোন থাকলেই এসি নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতের মুঠোয়।







